এর আগে এই সিরিজে আমি লিখেছিলাম যে আবদ্ধ সমাজ মাধ্যম যেমন ধরুন ফেসবুক বা টুইটার তাদের app এর অভ্যন্তরে ব্যবহারকারীদের বন্দী করে ফেলে, যেখান থেকে আপনি, ব্যবহারকারী , ইচ্ছে করলেও বেরোতে পারবেন না । তার বিনিময়ে আপনাকে এরা একটি পেশাদারি ডিজাইনের সমাজ মাধ্যম দেবে , আপনার পক্ষে বন্ধু খুঁজে পাওয়া সহজ, দেখবেন আপনার বেশ কিছু "ভক্ত " বা অনুগামী পাবেন , এবং একটি ঘর খুঁজে পাবেন যেখানে আপনি আপনি কথা বললে আপনার কথার প্রতিধ্বনি শুনতে পাবেন । এরকম একটি ব্যাপার অনেকে পছন্দ করেন, যার জন্য এই মাধ্যমগুলো মানুষের কাছে এত জনপ্রিয় ।

সে যেমন একটি ব্যাপার, তেমনি আপনি টুইটার করলে টুইটার থেকে ফেসবুক দেখতে পাবেন না, আবার ফেসবুক থেকেও টুইটার করতে পারবেন না (বিষয়টি শুধু টুইটার ও ফেসবুক এ সীমাবদ্ধ নয় , অন্যান্য ঐ ধরণের app ও একই ব্যাপার । আরো বিরক্তিকর এই প্ল্যাটফর্ম গুলো একধরণের অভাব‍্যতাকে সামাজিক প্রশ্রয় দেয়। শুধু তাই নয়, এরা অপেক্ষাকৃত লঘু অথচ আকর্ষণীয় বিষয়গুলোকে অপেক্ষাকৃত বেশী গুরুত্ব দেয়। যে কারণে পারস্পরিক গালিগালাজ, আকর্ষণীয় অথচ চটুল বিষয়কে এদের algorithm মানুষের কাছে ঠেলে দেয়, যাতে করে ব্যবহারকারীরা আকৃষ্ট হয়ে এদের বাণিজ্যিক স্বার্থে নিজেরা ব্যবহৃত হন । algorithm তথ্য বিশ্লেষণ করে স্থির করে কে কি ধরণের তথ্য কোন সারণিতে দেখবেন । ব্যাপারটি এরকম হলে এক রকম হত যে আপনার কাছে তথ্য সময় অনুসারে আসছে, আপনি যাদের অনুসরণ করেন, তাঁরা যে সময়ে যে তথ্য যোগ করছেন, সেই ক্রম অনুযায়ী আপনার কাছে আসছে, এই কোম্পানিদের নির্দিষ্ট একটি হিসেব মেনে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে কি ধরণের তথ্য কখন আসবে ।

এই algorithm গুলোর নানান সমস্যা আছে, যদিও এদের সমস্যা না বলে ফিচার বলে দাগিয়ে দেওয়া সুপ্রযুক্ত । আমার মতে যে ফিচারটি বিশেষ রকমের গোলমেলে সেটি এই যে এরা rage baiting মানে সাধারণ মানুষকে উত্তেজিত করে দেওয়ার ব্যাপারটিকে "প্রশ্রয়" দেয় । এখন আপনি বলতে পারেন যে বাণিজ্যিক সমাজ মাধ্যম হয়ত সরাসরিভাবে এই ধরণের ইচ্ছাকৃত ভুল বা মানুষকে উত্তেজিত করে দেওয়ার মতো বিষয়বস্তুকে তুলে ধরবার জন্য তুলে ধরে না, তবুও যেহেতু এই ধরণের উত্তেজনাকর বিষয়বস্তুর সঙ্গে বহু মানুষ নিজে থেকে "যুক্ত" হতে ভালোবাসেন, সেহেতু এই ধরণের বিষয়বস্তু তাঁদের ফীডে দেখতে পেলে অনেকে প্রথমে পড়তে চান । তার মধ্যে ভুল তথ্যকে ঠিক করার একটা প্রবণতা কিছু মানুষের মধ্যে থাকে, বা মনে করুন উত্তেজনাকর বা রাজনৈতিক মতামতের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা লেখালিখি করতে অনেকে পছন্দ করেন, অনেকে "অনামী হয়ে আড়ালে থেকে" গালিগালাজ করতে পছন্দ করেন, সেই জাতীয় বিষয়বস্তুকে এরা হয়ত কিছুটা ইচ্ছাকৃত ভাবে ব্যবসায়িক কারণে এদের algorithm দিয়ে boost করতে থাকেন । ফলে মানুষের "engagement" বা নিয়মিত আনাগোনা এই ধরণের medium এ বাড়তে থাকে, এবং এর একটি বাণিজ্যিক তাৎপর্য তো রয়েইছে ।

ফেডিভার্স কিভাবেই বা এর বিপরীত ?

ফেডিভার্স এর অবস্থান এর উল্টোপথে । ফেডিভার্স এ যে যেভাবে সময়সারণী অনুসারে লিখছে তাকে কেন্দ্র করে আপনি লেখা দেখতে পাবেন । যার জন্য যে যা দেখতে চান খুঁজে পেতে পারেন , কিন্তু ফেডিভার্সের এক মহা সমস্যা হচ্ছে যেহেতু পুরোপুরি স্বাধীন ও বিক্ষিপ্ত, অনেকের কাছে কিভাবে শুরু করা যেতে পারে, কিভাবে বন্ধু খুঁজে পাওয়া যেতে পারে, এই ব্যাপারগুলো খুব স্পষ্ট নয়। এবং যে কোন কারণেই হোক, এখনও পর্যন্ত এই ধরণের মাধ‍্যমে বাঙালী তো বটেই, সাধারণভাবে ভারতীয় নেটিজেন খুব একটা খুঁজে পাবেন না। তাছাড়া ফেডিভার্স বলতে তো যেকোনো একটি ব্যাপারকে বোঝানো হয় না, নানান রকমের application আবার তাদের মধ্যে নানান রকমের সার্ভার । তাই এই লেখাটিতে আসুন আমরা দেখি ম্যাস্টোডোন কি করে করব।

আপনি মনে করুন বাণিজ্যিক সমাজ মাধ্যমের ক্রিয়া কর্ম দেখে বীতশ্রদ্ধ হয়ে ঠিক করলেন যে এবারে ফেডিভার্স করবেন। তো শুরু করবেন কি করে ? ফেডিভার্স ডট কম বলে তো কিছু সেভাবে নেই , ফেডি ভার্স এর মধ্যে অজস্র app আর একেকটি app এর মধ্যে অজস্র ইনস্ট্যান্স বা সার্ভার অতএব শুরু করতে গেলে একটু ধন্দে পড়া খুব ই স্বাভাবিক । এখানে একটা কথা মনে রাখুন যে আপনি প্রায় যেকোনো ইনস্ট্যান্স-এ খাতা খুলে শুরু করতে পারেন , (প্রায় কেন লিখছি একটু পরে সে প্রসঙ্গে আসছি ) । ফেডিভার্স এর অনেক application তার মধ্যে সবথেকে জনপ্রিয় ম্যাস্টোডোন তাই আমরা ম্যাস্টোডোন দিয়ে শুরু করব । পরে আরো অন্যান্য application গুলো নিয়ে আলোচনা করা যাবে । ব্যাপারটিকে সহজ রাখার জন্যে ম্যাস্টোডোন দিয়ে শুরু করা যাক ।

এখন ম্যাস্টোডোন করতে চাইলে আপনাকে একটি ইনস্ট্যান্স দিয়ে বা সার্ভার দিয়ে শুরু করতে হবে , আপনি যেকোনো সার্ভার দিয়ে শুরু করতে পারেন , যেমন ধরুন ম্যাস্টোডোন ডট সোশ্যাল । বাণিজ্যিক ওয়েবসাইট গুলো যেমন অমুক ডট কম দিয়ে শুরু হয় , এই ধরণের সমাজ মাধ্যমগুলো তেমন ডট সোশ্যাল দিয়ে শুরু হয় । ম্যাস্টোডোন সোশ্যাল বেশ জনপ্রিয় সমাজ মাধ্যম আপনি https://mastodon.social নামের সাইটে গেলে নিচের ছবিটা দেখতে পাবেন , আপনার যদি একাউন্ট না থাকে তো খাতা খুলতে হবে ,

খাতা খুলতে গেলে আপনাকে আপনার ইমেল ব্যবহার করে খাতা খুলতে হবে । তারপর ইমেল এড্রেস দিয়ে লগইন করার পর আপনি যে উইন্ডো টি দেখতে পাবেন সেই এই রকম :

বাঁদিক থেকে ডানদিকে দেখলে দেখবেন আপনার নাম (এখানে আমার একাউন্ট এ আমি লগইন করেছি বলে আমার একাউন্ট দেখাচ্ছে ) , নামের নিচে ৫ ০ ০ অক্ষরের মধ্যে আপনার যা লেখার সেটি লিখতে পারেন , তার সঙ্গে ছবি , যদি কোন বিষয়ে আপনি যাদের উদ্দেশ্যে লিখছেন তাদের কোন বিষয় poll করতে চান তার ব্যবস্থা , ইমোজি যোগ করতে চাইলে তাই , আর তার সঙ্গে আরেকটি ব্যাপার লক্ষ্য করে দেখুন , আপনি লিখে দিতে পারবেন, যে বিষয়টি নিয়ে আপনি লিখছেন সেটি স্পর্শকাতর বিষয় , সকলের ভালো নাও লাগতে পারে , এবং সেক্ষেত্রে ম্যাস্টোডোন যখন আপনার বিষয়বস্তু অন্য সকলের কাছে ছড়িয়ে দেবে , তখন তারা সেইভাবে জানিয়ে দেবে ।

আপনার একাউন্ট আর লেখালিখির প্যানেল এর ডান দিকে আপনার হোম ফিড , এইখানে আপনি যাদের ফলো করেন বা যাদের অনুসরণ করেন তাদের পাঠানো পোস্ট দেখতে পাবেন । ম্যাস্টোডোন সোশ্যাল এর ক্ষেত্রে আরো একটি ব্যাপার পাবেন যে গোটা ম্যাস্টোডোন সোশ্যাল এ যারা লিখছেন তাদের সকলের পোস্ট আপনার হোম ফিড এ আসবে , যার জন্য দেখবেন বিভিন্ন ভাষার পোস্ট ও দেখতে পাবেন , এবং দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ও বিভিন্ন ধরণের পোস্ট আসতে থাকে । এটি যে সব সার্ভার এ একই রকম হবে তেমন নয় । একের সার্ভার এর যারা মাস্টার , তারা কিছু ফীচার হয়তো নাও দিয়ে রাখতে পারেন , তবে মোটের ওপর সব সার্ভার এই দেখতে পাবেন যে আপনার সার্ভার এ যারা যা যা পোস্ট করছেন সব দেখতে তো পাবেনই , তার সঙ্গে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে , তাও দেখতে পাবেন । এর ডান দিকের প্যানেল এ দেখুন আপনার নোটিফিকেশন । একেবারে শুরুতে হয়তো সেরকম নোটিফিকেশন পাবেন না, কালক্রমে আপনার বেশ কিছু ফলোয়ার হবে , বা আপনিও বিভিন্ন মানুষ ও একাউন্ট ফলো করতে শুরু করলে আপনার নোটিফিকেশন এর জায়গাটি ভোরে উঠবে । এর পাশে রয়েছে ফেডিভার্স এ কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাই নিয়ে ট্রেন্ড । এর সঙ্গে রয়েছে আপনি যে হ্যাশট্যাগ কে অনুসরণ করেন সেই সমস্ত পোস্টএর তালিকা । যেমন ধরুন আমি #india হ্যাশট্যাগ অনুসরণ করি বলে আমার সময় সারণী তে ভারত সংক্রান্ত নানান পোস্ট আমি দেখতে পাব, যেমন দেখুন :

এখানে ম্যাস্টোডোন এ সার্চ করে ভারতের খবর পাওয়া গেল, এখন এই প্যানেল টির সংবাদ , ইত্যাদি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হবে কাজেই এখন যেটি দেখছেন সেটি এক দিনের একটি বিশেষ সময়ের খবর ।

মানুষের সঙ্গে যোগাযোগের কি উপায় ?

এখানে তিনটি ব্যাপার , এক , নিজের বক্তব্য পোস্ট করুন , অন্য কেউ পোস্ট করেছেন তাঁর পোস্ট ভালো লাগলে বা যদি মন্তব্য করার মতন হয় , নিজের বক্তব্য বা মন্তব্য পেশ করুন , তাঁকে অনুসরণ করুন যদি তাঁর পেশ করা বক্তব্য আপনার পছন্দের হয় । এই ব্যাপারগুলো অন্য যেকোনো সমাজ মাধ্যমের মতোই , তবে ম্যাস্টোডোন এর আরো কতগুলো বিষয় আছে যেগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে । প্রথমে ধরুন আলোচনা এখানে কিভাবে হয় । নিচের ছবিটিতে একটি আলোচনা দেখানো আছে :

এই থ্রেড বা আলোচনার সুতোটিতে দুজন আলোচনা করছেন আপভোট কমেন্ট ইত্যাদি নিয়ে । আপনি যদি এই আলোচনায় যদি দিতে চান তাহলে এদের কাউকেই যে আপনাকে ফলো করতে হবে , এমন নয় , আপনি এনাদের নামের বা একাউন্ট নামের আগে @ সাইন বসিয়ে আপনার বক্তব্য পেশ করতে পারেন , আপনি উত্তর দেবার লিংকটি ক্লিক করলেই আপনার যে মূল বক্তব্য লেখার জায়গা সেখানে এদের এককউন্ট নাম দেখতে পাবেন ।

আপনি এদের নাম উদ্দেশ্য করে লিখতে পারেন , নাও পারেন । এদের নাম উদ্দেশ্য করে আপনার বক্তব্য লিখলে এঁরা যে যার নিজের timeline এ আপনার উত্তর বা বক্তব্য দেখতে পাবেন আর না উদ্দেশ্য করে লিখলে এনাদের সাধারণ ফীডে দেখতে পাবেন । তার জন্য আপনি যে এনাদের বা এনাদের যে আপনাকে অনুসরণ করতে হবে এ ধরণের কোনো বাধ্যবাধকতা নেই ।

এ তো গেল নিজের লেখালিখি আর অন্যদের উত্তর দেওয়া বা অন্যদের সঙ্গে আলোচনা করার ব্যাপার । আপনি অন্যদের বা ধরুন আপনার বন্ধু বান্ধব বা সমমনস্ক লোকেদের খুঁজে পাবেন কোন উপায়ে ? এখন এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনার সার্কলের বেশির ভাগ মানুষই হয়তো ম্যাস্টোডোন বা ফেডিভার্স এ নেই , যার জন্য চেনা জানা লোককে পাবেন না । এখন আপনি যদি ভাবেন যে চেনা জানা লোক না হলে ম্যাস্টোডোন করে লাভ নেই সে এক রকম কথা । কিন্তু আরেকটু এগিয়ে যদি ম্যাস্টোডোন এর সূত্রে আরেকটি বৃহত্তর দুনিয়ায় পা রেখে অন্য মানুষজন খুঁজে পেতে গল্প করতে চান তো এই মাধ্যম চমৎকার একটি মাধ্যম । বহু লক্ষ মানুষ প্রতিদিন এই মাধ্যমের সূত্রে নিজেদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন ।

আচ্ছা , সেলিব্রিটিদের কি ব্যাপার ? তাঁরা আছেন ?

এ ব্যাপারটি একটু দেখা যাক । বাণিজ্যিক সমাজ মাধ্যমে সেলিব্রিটি একাউন্ট নিয়ে মানুষের উৎসাহ থাকে , কারো কারো তুমুল উৎসাহ থাকে , বিশেষ করে শখের সাংবাদিকদের । বাণিজ্যিক সমাজ মাধ্যমে সেলিব্রিটি বা বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব , অভিনেতা / অভিনেত্রী এঁদের উপস্থিতি একটি বিশাল ব্যাপার । এদের অনেকের কয়েক লক্ষ থেকে কয়েক অর্বুদ ফ্যান , এই ধরণের ব্যাপার আপনি ম্যাস্টোডোনে পাবেন বলে মনে হয় না , কারণ অধিকাংশ বিখ্যাত ব্যক্তি যিনি বা যাঁদের দলবল রয়েছে সমাজ মাধ্যমে নিজেদের বক্তব্য রাখার জন্য, তাঁরা কেউ সচরাচর ম্যাস্টোডোন জাতীয় ফেডিভার্স নির্ভর সমাজ মাধ্যমে নিজেদের প্রাথমিক ভাবে বক্তব্য রাখেন না , যদিও বেশ কিছু টেকনোলজি জগতের বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি খুঁজে পাবেন, নীচের লিঙ্কটি দেখতে পারেন , এটি একটি গুগল spreadsheet:

ম্যাস্টোডোন এ বিখ্যাত একাউন্ট এর তালিকা

এ তালিকা দেখলে বুঝতেই পারছেন এঁরা হলিউডি (জর্জ তাকেই কে বাদ দিলে ) তারকা নন , আর বলিউড কাঁপানো কেউ নেই । bluesky তে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নিয়মিত লেখেন , তিনি অবশ্য X বা আগে যাকে টুইটার বলা হতো , তাতেও লেখেন , তাঁর একটি bridging একাউন্ট আছে, দেখতে পারেন :

https://mastodon.social/deck/@zohrankmamdani@mastox.eu

এটি একটি রোবট একাউন্ট , কাজেই , এঁকে এখানে উত্তর দিলে তাঁর সঙ্গে আলাপ আলোচনা কিছু করা যাবেনা । রোবট বা সেতু নির্মাণ করার একাউন্ট কি করে তৈরী করতে হয় তাই নিয়ে অন্য অবসরে লেখা যাবে , একাউন্ট ফলো করার ব্যাপারে এইগুলো মাথায় রাখতে হবে ।

কিভাবে খুঁজে পাব? কোথায় পাব তারে ?

ম্যাস্টোডোন এর একটি চমৎকার দিক এর মাধ্যমে নানারকম একাউন্ট ও তথ্য খুঁজে বার করতে পারবেন । আসুন , ম্যাস্টোডোন সোশ্যাল এ অনুসন্ধান করে দেখি । এই হচ্ছে এর অনুসন্ধানের পাতা :

অনুসন্ধানের এই পাতাটি দেখলে বুঝতে পারে যায় যে অনুসন্ধান ব্যাপারটি এখানে কতটা গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে । এখন যে কোন কারণেই হোক , বাংলা ভাষা বা বাঙালির লেখালিখি বা অস্তিত্ব সেভাবে এই মাধ্যমটিতে আমরা দেখতে পাই না , যদিও এ সবই ধরুন এখনকার প্রেক্ষিতে বিবেচনা করলে । আমরা যদি চাই, আমরা নিশ্চিত ভাবে বাংলার ঐতিহ্য , রাজনীতি , সাহিত্য , সংস্কৃতি নিয়ে ফেডিভার্স এ আলাপ আলোচনার জায়গা গড়ে তুলতে পারি ।

ম্যাস্টোডোনে বাংলা ভাষায় আলাপ আলোচনার ক্ষেত্র

এই ব্যাপারটি নানা রকম ভাবে সম্ভব । এক , আমরা যার যার নিজেদের ম্যাস্টোডোন একাউন্ট নিজেরা নিজেদের মধ্যে জানিয়ে দিতে পারি , এবং যে ইনস্ট্যান্স এ রয়েছি, সেখান থেকেই নিয়মিত যদি বাংলা ভাষায় যদি পোস্ট করি , ম্যাস্টোডোনে বাংলায় আলাপ আলোচনার একটি প্রশস্ত ক্ষেত্র গড়ে ওঠে । এই ব্যাপারগুলো নানান ভাবে করা যায় । বছর পাঁচেক পূর্বে আমি একটি আলোচনার স্পেস তৈরী করেছিলাম lemmy.pub এই নাম দিয়ে একটি আলোচনা করা যায় এমন একটি ফেডিভার্স সাইটে । একে নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, আপাতত সাইট টি দেখুন ও যদি ইচ্ছে ও সম্ভব হয় লেমিতে একাউন্ট খুলে বাঙ্গালী কনভো নাম দিয়ে যে আলোচনার জায়গাটি করেছিলাম তাতে যোগ দিতে আহ্বান করি , এই লিঙ্কে গেলে দেখতে পাবেন :

https://lemmy.ml/c/bengali_convo

আপনি দু ' রকম ভাবে যোগ দিতে পারেন । এক , https://lemmy.ml এই ওয়েবসাইট এ গিয়ে যোগ দিন বা একাউন্ট খুলুন , তারপর লগইন করুন , করার পর অনুসন্ধান করুন "bengali convo"নাম দিয়ে , তখন দেখবেন এটি

আপনি যদি "বাংলায় আলাপ আলোচনা আড্ডা " এই লিঙ্কটি দেখেন দেখবেন এটি ,

এ একটি উপায় ।

এছাড়াও , আপনি আপনার mastodon.social সার্ভার থেকে অনুসন্ধান করে সরাসরি যোগ দিতে পারেন । আপনার mastodon.social এ লগ ইন করুন তারপর সার্চ করুন bengali_convo এই সার্চ টার্ম দিয়ে:

বা, আপনার ম্যাস্টোডোন সার্ভার (যে কোন ইনস্ট্যান্স বা সার্ভার ) এ সার্চ বার এ গিয়ে সার্চ করুন : bengali_convo@lemmy.ml এই দিয়ে , আপনি বাংলায় আড্ডা আলাপ আলোচনার গ্রুপটি খুঁজে পাবেন ।

একটা ব্যাপার যেটা বারবার বলার দাবি রাখে ফেডিভার্স এ একাউন্ট খোলার একটা ভালো দিক হচ্ছে যে আপনি কোলাহলমুক্ত একটি শান্ত অথচ নিজের মত করে সাজিয়ে নিয়ে সমাজ মাধ্যম পাবেন । প্রথমত এক নয় , একাধিক ইনস্ট্যান্স এ একাউন্ট খুলতে পারেন , যদিও আমার মনে হয় , যেকোনো একটি application এ একটি ইনস্ট্যান্স এ এককউন্ট খুললে প্রথম দিকে অন্তত সামলানো সহজ কারণ আপনি যে কাউকে যে কোনো একাউন্ট এ অনুসরণ করে তাঁর লেখা , গান , ছবি , ভিডিও দেখতে পাবেন , কোথাও কোন বাধা নেই ।

অতএব ...

নির্দ্বিধায় ম্যাস্টোডোন দিয়ে শুরু করুন । এর পরের বার লিখবো কিভাবে ম্যাস্টোডোন থেকে অন্যান্য application এর তথ্য দেখতে পাবেন ।